ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ শহীদ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে কমনওয়েলথ। সংস্থাটি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।
শনিবার কমনওয়েলথের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটির মহাসচিব শির্লে বোচওয়ে বলেন, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমি বাংলাদেশের সাধারণ মানুষের শোকের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ঢাকা ও দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক সহিংসতার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’
তিনি যোগ করেন, ‘আমি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং গণমাধ্যমকর্মীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যকে স্বাগত জানাই, যেখানে সহিংসতায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সবাইকে সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা বর্জনের আহ্বান জানানো হয়েছে।’
গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
