লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে আগুন দেওয়ার ঘটনায় তার তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে আয়েশা আক্তার (৭) ঘটনাস্থলেই পুড়ে মারা গেছেন। বাকি দুই মেয়ে বিথী আক্তার (১৩) ও স্মৃতি আক্তারকে (১৮) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
রোববার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিথী আক্তারের শরীরের ২ শতাংশ ও স্মৃতি আক্তারের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।
ডা. শাওন বিন রহমান বলেন, স্মৃতি আক্তারের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রাখা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। বিথী আক্তারকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। বেলাল হোসেন একই ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।
