ডিসেম্বরে রেমিট্যান্সে ৩ বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা

ডিসেম্বরে রেমিট্যান্সে ৩ বিলিয়ন ডলার ছাড়ানোর সম্ভাবনা

চলতি ডিসেম্বর মাসে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৬ হাজার ৫০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

ব্যাংক সংশ্লিষ্টদের প্রত্যাশা, বর্তমান ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর মাস শেষে প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এটি দেশের বৈদেশিক মুদ্রার বাজারে শক্তিশালী ভিত্তি গড়তে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

চলতি মাসের ১ থেকে ২০ ডিসেম্বর সময়ে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের ১৯৮ কোটি ৩০ লাখ ডলারের তুলনায় সাড়ে ৯ শতাংশ বেশি। চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫২১ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের ১ হাজার ৩১২ কোটি ডলারের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি।

গত নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন