রাতের আধারে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

রাতের আধারে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট এলাকায় রাতের আঁধারে জমি দখলের অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশা গাজি ও তার অনুসারীরা ৬২ লাখ টাকার জমি দখল করেছেন বলে জমির মালিক বৃদ্ধ নিজাম মিয়া ও তার চার সন্তান অভিযোগ করেছেন।

শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা ৯৯৯ নম্বরে সহযোগিতা চাইলে হাজিমারা ফাঁড়ির পুলিশ কর্মকর্তা আবদুর রহিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং উভয় পক্ষকে থানায় যাওয়ার পরামর্শ দেন। রোববার রাতে নিজাম মিয়া ও তার মেয়ে আয়শা আক্তার বাদশা গাজিসহ আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।

জমির ইতিহাস অনুযায়ী, প্রায় ২০ বছর আগে ইসমাইল হোসেন স্থানীয় তিন ব্যক্তির কাছ থেকে ছয় শতাংশ জমি কেনেন। সাত মাস আগে প্রবাসী মাইনুদ্দিন ৬২ লাখ টাকায় জমিটি কিনে সেখানে চারটি দোকানঘর তৈরি করে ভাড়া দেন। নিজাম মিয়া ও তার পরিবার জানান, গত ১৫ দিন আগে দোকানঘরগুলো ভেঙে ভবন নির্মাণের প্রস্তুতি নেওয়ার পর শনিবার রাতে বাদশা গাজির নির্দেশে তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে জমি দখল করে একটি টিনের ঘর তোলেন এবং বাধা দিলে হামলার চেষ্টা করেন।

বাদশা গাজি অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ দিয়েছে। তবে রাতের আঁধারে ঘর তোলার কারণ সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। হাজিমারা ফাঁড়ির এসআই আবদুর রহিম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করা হয় এবং উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়। রায়পুর থানার ওসি মো. শাহীন মিয়া জানান, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন