জামায়াত নেতার আহ্বান: গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ দিন

জামায়াত নেতার আহ্বান: গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ দিন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী গণভোটে জনগণকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের অর্থ দুর্নীতি, ফ্যাসিজম ও দলীয়করণের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং বিচার, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পক্ষে সমর্থন জানানো।

মঙ্গলবার খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার শাহ্পুর মধুগ্রাম কলেজ অডিটোরিয়ামে শাহপুর ইউনিয়নের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে একটি সুশাসন ও বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো গঠনের প্রস্তাব জুলাই সনদ নামে জাতির কাছে গৃহীত হয়েছে, যা গণভোটে পেশ হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনিক সর্বস্তরে সকল রাজনৈতিক দলের সমান সুযোগ রক্ষা করতে হবে। দেশে সহিংসতা ও সন্ত্রাসের ঘটনায় জাতি উদ্বিগ্ন, যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট মহলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, কিছু দল তফসিল ঘোষণার পর জনগণকে আর্থিক সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দিচ্ছে, যা সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে, নয়তো সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী হওয়া যাবে না।

ডুমুরিয়া উপজেলা নায়েবে আমির গাজী সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন ও উপজেলা হিন্দু শাখার সভাপতি ডা. হরিদাস মন্ডল।

আরও পড়ুন