১৫০ আসন চাওয়ার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এটি শোনা কথা। তিনি জানান, যে যেখানে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাকে সেখানেই দেবেন। পিরোজপুর সাইদির আসন ছেড়ে দেবেন এবং যেখানে জামায়াত শক্তিশালী সেখানে তারা ছেড়ে দেবেন। সমঝোতা হলে বরিশাল ও বাকেরগঞ্জের দুই আসনে নির্বাচন করবেন কিনা তা দলের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন সমঝোতার বিষয়ে তিনি আরো বলেন, এটি প্রায় চূড়ান্ত এবং দু’একদিনে ঘোষণা হবে। তিনি বলেন, বরিশালের সিট কার তা বলার দরকার পরে না, জোট হলে অবশ্যই তাদের ছেড়ে দেবে। আমিরের এলাকার সিটই যদি আমীর না পায় তবে আর জোট কিসের বলে তিনি মন্তব্য করেন।
মুফতি ফয়জুল করিম বলেন, দেশে হত্যা বেড়ে গেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে খারাপ হচ্ছে। যারা নিজেদের শক্তিশালী দাবি করে তারা বিরোধীদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। আগামী নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ বজায় রাখতে পারে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেন তিনি।
সিইসি উদ্দেশ্য করে তিনি বলেন, বিগত সিইসির পরিণতি কি হয়েছে তা আপনারা জানেন। তারা যেন ভবিষ্যতে মবের আওতাধীন না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, নির্বাচনে কোন দুর্নীতিবাজকে নির্বাচিত করবেন না, দেশ ধ্বংসের দার প্রান্তে এবং দেশকে রক্ষা করতে হবে।
অস্ত্র উদ্ধার নিয়ে শঙ্কিত কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোটার, ক্যান্ডিডেট কেউ নিরাপদে নাই। অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়া অবাধ নির্বাচন সম্ভব নয় বলে তিনি জানান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এ্যাসিস্টান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন নাইস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা সৈয়দ নাসির উদ্দিন কাওছার, মহানগরের নির্বাহী সদস্য মাস্টার আব্দুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
