অবশেষে সীতাকুন্ডের বিএনপির প্রার্থী পরিবর্তন

অবশেষে সীতাকুন্ডের বিএনপির প্রার্থী পরিবর্তন

চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড, আকবরশাহ ও পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) প্রার্থী পরিবর্তন করেছে। আসনটিতে ধানের শীষ প্রতীকের চূড়ান্ত প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার সকালে এক মতবিনিময় সভায় নেতাকর্মীদের সামনে কেন্দ্র থেকে দেওয়া মনোনয়নপত্রটি উপস্থাপন করেন আসলাম চৌধুরী। ৩ নভেম্বর চট্টগ্রাম–৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করা হলে আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেন।

এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন তারা। একই দিন ঢাকা–চট্টগ্রাম রেলপথও অবরোধ করা হয়। এসব ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনে আসলাম চৌধুরীর অনুসারী বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়।

আসলাম চৌধুরী বলেন, ইচ্ছে করেই আমি একটু সময় নিয়েছি। আশা করি, আজ থেকে আর কোনো সংশয়-দ্বিধা রইল না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য রাজনৈতিক দর্শন বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়ন সমৃদ্ধির রাজনীতি বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি উন্নয়ন অগ্রযাত্রার যে রাজনীতি, তা বাংলাদেশের মানুষের হৃদয়ে অনন্য অবস্থান তৈরি করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন দেশের আশা-ভরসা ও আস্থার স্বীকৃত ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে।

আসলাম চৌধুরী বলেন, সামনের দিনে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে।

তিনি বলেন, আপনাদের এই বিশ্বাসের মর্যাদা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সেই সঙ্গে আপনাদেরও সব মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে। সভায় চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন