বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিকাল হওয়ায় তাকে দেখতে হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত ১০টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
এর আগে সোমবার সকাল, বিকাল ও রাতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এছাড়া হাসপাতালে এসেছেন তার বড়বোন সেলিনা ইসলাম, ছোটভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।
দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে রাজধানীর পূর্বাচলের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বিকাল পৌনে ৫টার দিকে তিনি হাসপাতালে যান।
গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে চিকিৎসা দেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছে।
