বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত সরকার ও সে দেশের জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জয়শঙ্কর বুধবার ঢাকা আসবেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।
এছাড়া, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বুধবার ঢাকা পৌঁছাবেন। ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীরও ঢাকায় আসার কথা রয়েছে। আন্তর্জাতিক প্রতিনিধিদের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি জটিলতাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন, মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর।
