জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি দলের সব ধরনের নির্বাচনি কর্মকাণ্ড থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বলেন, জামায়াতের জোটে যোগ দেওয়ায় দল তার মূল লক্ষ্য ও আদর্শ থেকে সরে গেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে তিনি মনোনয়নপত্র উত্তোলন বা জমা দেননি। প্রীতি এনসিপি থেকে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সংসদ সদস্য পদে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন এবং নিজ এলাকায় নির্বাচনি প্রচারণা শুরু করেছিলেন।
২৯ ডিসেম্বর রাতে গণমাধ্যম কর্মীদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রীতি বলেন, দলের প্রতিষ্ঠালগ্ন থেকে স্বতন্ত্র, স্বাধীন ও বাংলাদেশপন্থার রাজনীতির স্বপ্ন দেখানো হয়েছিল। দলের শীর্ষ নীতিনির্ধারকরা ৩০০ আসনে এককভাবে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু গত ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটে বিভিন্ন শর্তসাপেক্ষে এনসিপি যোগদান করে।
তিনি বলেন, এই অংশগ্রহণের মাধ্যমে দলীয় নেতারা তাদের বক্তব্য থেকে সরে এসেছেন, যা এক ধরনের প্রবঞ্চনা। নিজের নৈতিকতা আদর্শ বিসর্জন দিয়ে জনতার বিশ্বাসের অমর্যাদা করে তিনি কখনো এই জোটে যোগ দিতে পারেন না।
প্রীতি বলেন, জনতার অধিকার রক্ষা ও নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে এনসিপিতে যোগ দিয়েছিলেন, কিন্তু বর্তমানে এই দল ও জোটের সব ধরনের নির্বাচনি কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে দ্রুতই পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।
দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামগাতী গ্রামের বখতিয়ার মোমিন চৌধুরীর মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ঢাকসুর কবি সুফিয়া কামাল হলের সাবেক সংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
