ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা। শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, একই আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামি আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে এই আসনে ত্রিমুখী লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি হতে শুরু করেছে।

সংশোধিত তফশিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া যাচাই-বাছাই প্রক্রিয়া চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করা যাবে।

দায়ের হওয়া আপিলগুলোর ফয়সালা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। কোনো প্রার্থী চাইলে ২০ জানুয়ারির মধ্যে তার মনোনয়ন সরিয়ে নিতে পারবেন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে যাবে।

আগামী ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা প্রচার শুরু করবেন। ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে সেই প্রচারের পালা। সবশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের ফলাফল নির্ধারিত হবে।

আরও পড়ুন