বিএনপীর শাহজাহান চৌধুরীকে কাফনের কাপড়সহ হুমকি

বিএনপীর শাহজাহান চৌধুরীকে কাফনের কাপড়সহ হুমকি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে সাদা কাপড়সহ উড়ো চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার দুপুরে ডাকযোগে প্রাপ্ত চিঠির খামের সঙ্গে একটি সাদা কাপড়ের টুকরো সংযুক্ত ছিল, যা কাফনের কাপড় হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হয়। চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ২৩ ডিসেম্বর ২০২৫।

মুমিনুল আলম নামে এক ব্যক্তির স্বাক্ষরে চিঠিতে বলা হয়েছে, ‘আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন।’

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তারেক রহমান শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলে খোঁজখবর নেন। শাহজাহান চৌধুরী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে এমন ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

হুমকির ঘটনায় তিনি উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান। রোববার দুপুরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভায় উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী হুমকির বিষয়টি উপস্থাপন করেন।

নির্বাচন কমিশনার তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। উখিয়া থানার ওসি নুর আহমদ জানান, সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন