বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট টাইটানসের হয়ে খেলার কথা থাকলেও পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির দলকে মাঝপথে রেখে দেশে ফিরে গেছেন। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটানস কর্তৃপক্ষ।
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে বিপিএল খেলতে বাংলাদেশে আসেন মোহাম্মদ আমির। তিনি প্রথম ম্যাচ থেকেই সিলেটের জার্সিতে খেলেছেন এবং দলের তিনটি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে পারিশ্রমিকের ৭০ শতাংশ অর্থ আমিরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমিরের সঙ্গে বাংলাদেশ ছেড়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবও, যিনি দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন এবং তার অর্থ পরিশোধ করা হয়েছে।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান, এবং সেই সিরিজে দলে ডাক পেয়েছেন সাইম আইয়ুব। মূলত এই কারণেই বিপিএল ছেড়েছেন এই অলরাউন্ড ক্রিকেটার, এবং সিরিজ শেষে আবারও সিলেট দলে যোগ দিতে পারেন তিনি।
কিন্তু ঠিক কী কারণে বিপিএল ছেড়ে চলে গেলেন আমির, সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানায়নি সিলেট টাইটানস। বিপিএলের এবারের আসরে ৬ ম্যাচ খেলে ৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির।
