ছাত্রদল নেতার ওপর হামলা ও হত্যার হুমকি

ছাত্রদল নেতার ওপর হামলা ও হত্যার হুমকি

গাজীপুরের টঙ্গীতে সাবেক ছাত্রদল নেতা আইয়ুব আলীর ওপর দফায় দফায় হামলা, গাড়ি ভাঙচুর ও পিস্তল তাক করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকালে জেলার ধীরাশ্রম ও রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইয়ুব আলী জানান, গত বছরের ২৮ জুলাই তার বাসায় চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি টঙ্গীর আমতলী হিমারদীঘি এলাকার চোরাই মালামাল ব্যবসায়ী আব্বাস আলী, তার ছেলে রাকিব, রাতুল ও হৃদয়কে আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্নভাবে তাকে হুমকিধমকি দিতে থাকে।

পরে তিনি গত বছরের ৩ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১৯৭। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার সকালে আব্বাস আলী গং গাজীপুর জজকোর্টে ওই মামলায় হাজিরা দিতে গেলে আইয়ুব আলী টঙ্গী পূর্ব থানায় তার জব্দকৃত মালামাল নিজ জিম্মায় নেওয়ার জন্য কোর্টে যান। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে আহত করে।

পরে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গাজীপুর সদর থানায় আব্বাস আলী গংয়ের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। পরে তিনি সেখান থেকে টঙ্গীর টিঅ্যান্ডটি মরকুনের বাসায় ফেরার পথে ধীরাশ্রম এলাকায় ফের হামলার শিকার হন।

অভিযুক্ত আব্বাস আলীর ছেলে রাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আইয়ুব আলীর ওপর আমরা কোনো হামলা করিনি। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আইয়ুব আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন