আয়কর ফাঁকির অভিযোগে বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছে আদালত। ১৮ বছর আগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা এ মামলায় রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুলু আদালতে উপস্থিত ছিলেন।
দুলুর আইনজীবী অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এটি হয়রানিমূলক মামলা। তিনি জানান, এ মামলায় এনবিআরের চারজন স্বাক্ষী দিয়েছেন এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত দুলুকে মামলার অভিযোগ থেকে খালাস দেন।
২০০৮ সালের ৩ আগস্ট রাজস্ব বোর্ডের সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে দুলুর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে শুরু করে মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। এছাড়া, তার প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
