দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবেনা: হাইকোর্ট

দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবেনা: হাইকোর্ট

হাইকোর্টের এক রায়ে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে। মুসলিম পারিবারিক আইন সংশ্লিষ্ট একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেন, দ্বিতীয় বিয়ের অনুমতি আরবিট্রেশন কাউন্সিলের মাধ্যমে নিষ্পন্ন হবে, স্ত্রীর অনুমতির ভিত্তিতে নয়।

আদালত উল্লেখ করেন, মুসলিম পারিবারিক আইনে দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীর অনুমতি নেওয়ার সরাসরি বাধ্যবাধকতার কোনো অস্তিত্ব নেই। ২৪ পাতার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, আরবিট্রেশন কাউন্সিলে অনুমতি ন্যস্ত থাকায় স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়।

১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় স্ত্রী বা স্বামী অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে সাত বছরের কারাদণ্ডের বিধান ছিল। ১৯৬১ সালে মুসলিম পারিবারিক আইন চালুর পর পুরুষের দ্বিতীয় বিয়ে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ওপর নির্ভরশীল করা হয়, যেখানে অনুমতি ছাড়া বিয়ে করলে এক বছর কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়।

এ রায়ের বিরুদ্ধে রিটকারীরা আপিলের ঘোষণা দিয়েছে। তারা বলছেন, আদালতের সিদ্ধান্তে বহু বিবাহের ক্ষেত্রে নীতিমালা ও নিয়ন্ত্রণ দুর্বল হতে পারে। তাদের দাবি, নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতেই রিট করা হয়েছিল।

সমাজ বিজ্ঞানীদের মতে, আর্থিক সক্ষমতা ও মনস্তাত্ত্বিক প্রলোভন থেকে বহু পুরুষ একাধিক বিয়ের সুযোগ অপব্যবহার করার ঝুঁকি থাকে। ফলে সমাজে অসাম্য ও পারিবারিক অস্থিরতা বাড়তে পারে। তাই বিষয়টি সর্বোচ্চ আদালতে নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথা জানান তারা।

এদিকে আইন বিশেষজ্ঞরা মনে করছেন, বিষয়টি এখন আপিল বিভাগে গেলে তা নজরকাড়া আলোচনার জন্ম দেবে।

আরও পড়ুন