ইসরাইলের কারাগারে গাজা থেকে আটক আরো এক ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। প্রিজনার্স অ্যাফেয়ার্স কমিশন এবং ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি কারাগারে মোট ৮৭ ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
মৃত বন্দির নাম হামজা আবদুল্লাহ আব্দুলহাদি আদওয়ান, যিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং তার চিকিৎসা সেবার প্রয়োজন ছিল। তাকে ২০২৪ সালের ১২ নভেম্বর উত্তর গাজার একটি সামরিক চেকপয়েন্ট থেকে আটক করা হয়েছিল। আদওয়ান বিবাহিত ছিলেন এবং নয় সন্তানের জনক, যার মধ্যে দুই সন্তান ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের হামলায় নিহত হয়।
অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, ইসরাইল ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে পদ্ধতিগত নির্যাতন চালাচ্ছে, যার মধ্যে অনাহার, চিকিৎসা অবহেলা, যৌন নিপীড়ন, অপমান এবং অবমাননাকর পরিস্থিতিতে আটক রাখা অন্তর্ভুক্ত। বিবৃতি অনুসারে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি কারাগারে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দি মারা গেছেন, তবে ইসরাইলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাদের মধ্যে মাত্র ৮৭ জনের পরিচয় প্রকাশ করেছে।
