আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের দাবি প্রত্যাখ্যান করেছে। আসিফ নজরুল জানিয়েছিলেন, ভারতে খেলতে গেলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি আছে বলে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আইসিসি বিসিবিকে এমন কোনো চিঠি দেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, নিরাপত্তা শঙ্কা নিয়ে বিসিবিকে চিঠি দেওয়া হয়নি।
আসিফ নজরুল বলেছিলেন, আইসিসি তিনটি শঙ্কার কথা উল্লেখ করে চিঠি দিয়েছে। প্রথমত, বাংলাদেশ দলে মোস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকদের জাতীয় জার্সি পরে ঘোরাফেরা। তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন এগিয়ে আসার সঙ্গে দলের নিরাপত্তাঝুঁকি বৃদ্ধি।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, আসিফ নজরুলের উদ্ধৃত চিঠিটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের হুমকি মূল্যায়ন সংক্রান্ত অভ্যন্তরীণ যোগাযোগ। এটি ভারতের বাইরে ম্যাচ স্থানান্তরের জন্য বিসিবির অনুরোধের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়। বিসিবি আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোও নিশ্চিত করেছে, আইসিসি এ রকম কোনো কিছু বলেনি। ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির কাছ থেকে বিসিবিও কোনো চিঠি পায়নি বলে নিশ্চিত করা হয়েছে।
