বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি

বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এক কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শিক্ষিত যুবকরা কর্মসংস্থান না পেলে এক বছর পর্যন্ত বেকার ভাতা দেওয়া হবে।

শনিবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুকু জানান, বিএনপি প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেবে, কারণ এটি উচ্চশিক্ষার ভিত্তি হিসেবে কাজ করে।

তিনি বলেন, টাঙ্গাইলকে একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব জনপদ হিসেবে গড়ে তোলা হবে। শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী করা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

টুকু আরও বলেন, ইতোমধ্যে তিনি টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন। ভবিষ্যতে ৫০ লাখ গাছ রোপণের মাধ্যমে টাঙ্গাইলকে ‘গ্রিন টাঙ্গাইল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুল আহসান।

আরও পড়ুন