কালো টাকার সরবরাহ প্রতিহতের আহ্বান হাসনাত আবদুল্লাহর

এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, কালো টাকার সরবরাহ প্রতিহত করা হবে। তিনি বলেন, তারা বাংলাদেশটাকে আবার বিক্রি করে দিতে চায় এবং তাদের ভুলের কারণে তরুণ প্রজন্মকে খেসারত দিতে হয়েছে।

বুধবার বিকালে কুমিল্লার দেবিদ্বার থেকে ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। তিনি বলেন, যারা কালো টাকা নিয়ে ঢুকেছেন তাদের চূড়ান্ত পরিণতি দেখে নেওয়া হবে এবং এটা তার শেষ ওয়ার্নিং।

হাসনাত বলেন, প্রত্যেকটা মোড়ে, কেন্দ্রে, গলিতে ও পাড়ায় অবস্থান নিতে হবে ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত। কালোটাকা দেখলে এনসিপির কন্ট্রোল রুমে ইনফর্ম করতে হবে এবং তিনি এখন থেকে মাঠে থাকবেন।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে বলেন, কালোটাকা প্রতিরোধ করতে হবে, ভোট পবিত্র আমানত এবং অর্থ দিয়ে ভোট বিক্রি করা যাবে না। তিনি বলেন, এখন থেকে ভোট না দেওয়া পর্যন্ত পাহারা দেওয়া হবে।

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন উল্লেখ করে হাসনাত বলেন, বিশেষ করে জাফরগঞ্জ, বরকামতা, সুলতানপুর, রাজামেহার ও ফাতেহাবাদ ইউনিয়নে অর্থের ছড়াছড়ি শুরু হয়েছে। যেখানে অর্থসহ কাউকে দেখা হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

হাসনাত আবদুল্লাহ বলেন, যারা অর্থ নিয়ে মাঠে নেমেছেন তাদের কারোর অস্তিত্ব দেবিদ্বারে থাকবে না। তিনি বলেন, যেভাবে টাকা নিয়ে আসছেন সেভাবেই চলে যেতে হবে এবং কেউ ধরা পড়লে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অস্তিত্ব রাখবে না।

তিনি বলেন, প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং নির্বিঘ্নে মানুষ ভোট দেবেন। মানুষ ভোট যাকে খুশি তাকে দেবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হবে না।

হাসনাত বলেন, যারা অর্থ নিয়ে নেমেছেন তাদের নাম প্রমাণসহ জাতির সামনে প্রকাশ করা হবে এবং রাজনীতিতে বাংলাদেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। দেবিদ্বারের মানুষ সচেতন থাকবেন এবং বাড়ির সামনে যারা টাকা নিয়ে আসবে তাদের বেঁধে রাখবেন।

তিনি বলেন, একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হতে যাচ্ছে এবং যারা বাধা দিবে তাদের প্রতিহত করতে হবে। প্রত্যেকটা কেন্দ্রে পাহারা বসাতে হবে। স্থানীয় মসজিদে ইমাম-মোয়াজ্জিনদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, যারা কালোটাকা দিতে আসে তাদের প্রতিহত করতে হবে।

আরও পড়ুন