জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষে আহত ৯

জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার বিকালে জয়পুরহাট সরকারি কলেজের পশ্চিম গেটের কাছে এ ঘটনা ঘটে। আহতদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার (শিখা) তার লোকজন নিয়ে জয়পুরহাট সরকারি কলেজ এলাকায় যান। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের (ধানের শীষ) কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়।

আহতরা হলেন নগরকান্দার আল হামজা (৩১), জেলা সদরের তানজিদ (২৯), সোহাগ (২৪), রোহান (২৬) ও আব্দুল্লাহ (২৬)। এছাড়া পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকার তৌফিক হোসেন (২৭), জয়পুরহাট পৌর শহরের তাজুর মোড় এলাকার রোমান হোসেন (৩৯), শান্তিনগর মহল্লার রাজিব হোসেন (৪১) ও আল আমিন (৩৬) আহত হন।

স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার অভিযোগ করেন, তিনি কলেজ কেন্দ্রে বুথ দেখতে যাবার সময় বিএনপি প্রার্থীর কর্মীরা তাকে বাধা দেয় এবং হেনস্তা করে। তার পক্ষের লোকজন তাকে উদ্ধার করতে গেলে বিএনপি প্রার্থীর লোকজন তাদের ওপর হামলা করে।

বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধানের ছোট ভাই মামুনুর রশিদ প্রধান পালটা অভিযোগ করে বলেন, সাবেকুন নাহার বহিরাগতদের নিয়ে এসে টাকা দিয়ে ভোট কিনছিলেন। বিষয়টি জানতে পেরে তাদের কর্মী ও স্থানীয় জনতা বাধা দেয়। এ সময় তার পক্ষের বহিরাগত সন্ত্রাসীরা তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা করে।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সবাই এখন আশঙ্কামুক্ত রয়েছেন। জয়পুরহাট সদর থানার ওসি আনিছুর রহমান বলেন, ঘটনা শুনেছেন, তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরও পড়ুন