সাভারের জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল থেকে সর্বসাধারণের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে এমপি ও বিকেল ৪টার দিকে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শ্রদ্ধা জানাতে আসবেন। এজন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
আনোয়ার হোসেন খান আনু বলেন, সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তাজনিত কারণে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ শ্রদ্ধা জানানোর পরেই স্মৃতিসৌধ প্রাঙ্গণ আবার উন্মুক্ত করে দেওয়া হবে।
