জাতীয় সরকারে অংশ নেবে না জামায়াত, শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে

জাতীয় সরকারে অংশ নেবে না জামায়াত, শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে

জাতীয় সরকারে অংশগ্রহণ না করে সংসদে ও সংসদের বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বসুন্ধরার বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুটি দলের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

তাহের বলেন, নির্বাচন পরবর্তীতে সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান সম্ভাব্য প্রধান বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এটি একটি গুণগত পরিবর্তন ও ভালো শুরু বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে সরকার ও বিরোধী দল সমন্বিতভাবে দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারবে বলে আশা করা হচ্ছে। নিজেদের ভেতরে কোনো সমস্যা হলে আলোচনার ভিত্তিতে সমাধান আসবে বলে দুটি দল একমত হয়েছে।

বৈঠকে জামায়াতের আমির আইনশৃঙ্খলা পরিস্থিতি, মানুষের নিরাপত্তা, অর্থনীতি ও জনগণের মৌলিক চাহিদা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন। সরকার যেন এসব বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে, সে ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

তাহের বলেন, সরকারের ইতিবাচক যেকোনো উদ্যোগে জামায়াত সহযোগিতা করবে। তবে জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো ভূমিকা থাকলে দলটি প্রতিবাদ ও ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত আছে।

গত ১৬ বছরে সরকার ও বিরোধী দলের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক ছিল বলে তিনি উল্লেখ করেন। নির্বাচনের পর বিভিন্ন জায়গায় হামলা ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে, যা দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সরকার এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জাতীয় সরকারে অংশগ্রহণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাহের স্পষ্ট করে বলেন, জামায়াতে ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। দলটি কনস্ট্রাক্টিভ শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে।

আরও পড়ুন