ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের মধ্যে ১০টি দল শূন্য দশমিক শূন্য শতাংশ ভোট পেয়েছে। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো ভোটের শতাংশের হিসেব থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।
ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ, যেখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে ধানের শীষে। বিএনপি পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট, এরপর দাড়িপাল্লায় জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ এবং শাপলা কলিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে।
শূন্য শতাংশ ভোট পাওয়া দলগুলো হলো: বাংলাদেশ সমঅধিকার পার্টি – বিইপি, ইসলামী ঐক্য জোট, গণতন্ত্রী পার্ট, গণফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও বাংলাদেশ মুসলিম লীগ- বিএনএল।
অন্যদিকে, শূন্য দশমিক ০১ শতাংশ ভোট পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে আমজনতার দল, গণফোরাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি- বিএমজেপি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট)।
এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছিল এবং স্বতন্ত্র হিসেবে ২৭৪ প্রার্থী অংশগ্রহণ করেছিল।
