চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোবাইল ফোন চার্জার বিস্ফোরণে চারটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার পোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে ভোলাহাট ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পোলাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ঘরে ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশীরা চিৎকারে সাড়া দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পার্শ্ববর্তী তরিকুল ইসলাম ও চান্দু বেগমের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।
