নওগাঁয় একটি পুকুর থেকে সাতটি ছোট পিতলের মূর্তি ও দুইটি বাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের মোহাম্মদ মন্টু ফকিরের পুকুরে এগুলো পাওয়া যায়।
পুকুর মালিক মোহাম্মদ মন্টু ফকির বলেন, মাছ ধরার সময় জাল উঠানোর সঙ্গে মাছের সাথে পিতলের সাতটি ছোট মূর্তি ও দুইটি বাটি এবং ব্রোঞ্জের রিংযুক্ত একটি কাঠের লাঠি আসে। বিকেলে থানা পুলিশ এসে সেগুলো নিয়ে যায়।
নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ সাতটি ছোট পিতলের মূর্তি ও দুইটি পিতলের বাটি এবং ব্রোঞ্জের রিংযুক্ত একটি কাঠের লাঠি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে স্বর্ণকার কর্তৃক পরীক্ষা করে জানা যায়, মূর্তিগুলো কাঁসা/ব্রোঞ্জ অথবা পিতলের তৈরি, যার বিশেষ কোনো মূল্য থাকতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
