নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মইজ্জু ঢাকা আসছেন। কূটনৈতিক সূত্র রাতে এ তথ্য নিশ্চিত করেছে।
ওই অনুষ্ঠানে মালদ্বীপের প্রেসিডেন্টসহ ১৩ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন বিদায়ী অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যোগ দিতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
নয়াদিল্লি জানিয়েছে মোদির প্রতিনিধি হিসাবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের একজন প্রতিনিধি শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছে সেগুনবাগিচা।
আফগানিস্তান ছাড়া সার্কভুক্ত সব দেশ এবং চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া এবং ব্রুনেইর শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।
ত্রয়োদশ সংসদের নব নির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে মঙ্গলবার। সকালে জাতীয় সংসদ ভবনে নব নির্বাচিত এমপি এবং বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রীসভার সদস্যরা শপথ নেবেন। এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। মন্ত্রীদের শপথ পড়াবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।
