বিএনপি নেতা ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে বিজয়ী হয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি যে পাঁচটি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন, সবগুলোতেই জয়ী হয়েছেন।
আমান উল্লাহ আমান ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং প্রতিটি নির্বাচনেই বিজয়ী হন। সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে তিনি ১ লাখ ৬৩ হাজার ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক পেয়েছেন ৭৮ হাজার ৭০৮ ভোট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি নির্বাচিত হন। নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনি জটিলতা ও মামলার কারণে তিনি অংশ নিতে পারেননি।
১৯৯১ সালের নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে আমান প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে পুনরায় দল সরকার গঠন করলে তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি ২৮ অক্টোবর ২০০৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধারাবাহিক নির্বাচনি জয়, ছাত্র রাজনীতি থেকে জাতীয় নেতৃত্বে উত্তরণ এবং প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা—সব মিলিয়ে আমান উল্লাহ আমান দেশের রাজনীতিতে একটি স্থিতিশীল ও প্রভাবশালী অবস্থান তৈরি করেছেন।
