রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচে ভারত পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করেছে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে ভারত, জবাবে পাকিস্তান ১৮ ওভারে ১১৪ রানে অল-আউট হয়।
ভারতের ওপেনার ঈশান কিষাণ ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। পাকিস্তানের পক্ষে উল্লেখযোগ্য জুটি গড়ে ওঠেনি। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিসহ গণ্যমান্য ব্যক্তিরা।
ভারতের কাছে পরাজয়ের পর এক পাকিস্তানি সমর্থকের টিভি ভাঙচুরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পাকিস্তানের জার্সি পরা এক ব্যক্তিকে টিভি মাটিতে আছাড় মারার পর ব্যাট দিয়ে আঘাত করতে দেখা যায়। দলের বাজে পারফরম্যান্সে হতাশা থেকেই এমন প্রতিক্রিয়া বলে মনে করা হচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত দুই দলের ৯ বারের দেখা সাক্ষাতে ৮ বার জয় পেয়েছে ভারত। পাকিস্তান জিতেছে মাত্র একবার ২০২১ সালের বিশ্বকাপে। গত সাড়ে তিন বছরে দুই দলের ১০ দেখা সাক্ষাতে ৯টিতেই জয় ভারতের।
এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে ধারাবাহিক ব্যর্থতায় সমালোচনার মুখে পাকিস্তান দল ও টিম ম্যানেজমেন্ট। ম্যাচের মাঝে মহসিন নাকভিকে স্টেডিয়াম ত্যাগ করতে দেখা যায় এমন একটি ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে।
