ভালোবাসা দিবসে মাদুরোকে ‘শুভেচ্ছা’ জানিয়ে কার্ড প্রকাশ হোয়াইট হাউজের

ভালোবাসা দিবসে মাদুরোকে ‘শুভেচ্ছা’ জানিয়ে কার্ড প্রকাশ হোয়াইট হাউজের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কয়েকটি ডিজিটাল কার্ড প্রকাশ করেছে। এসব কার্ডে নিউইয়র্ক সিটির কারাগারে বন্দি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘আপনি আমার হৃদয় হরণ করেছেন।’

একটি কার্ডে মাদুরোকে অপহরণের সময়কার ছবি ব্যবহার করা হয়েছে, যাতে তার চোখ ঢাকা ও হাতে হাতকড়া দেখা যাচ্ছে। কার্ডের ক্যাপশনে লেখা রয়েছে, ‘শুধু আপনার জন্য তৈরি করা।’ ১৪ ফেব্রুয়ারি আরও কিছু ডিজিটাল কার্ড প্রকাশ করা হয়, যেগুলোর ক্যাপশনেও একই বার্তা দেওয়া হয়েছে।

ভেনেজুয়েলার বামপন্থি প্রেসিডেন্ট মাদুরোর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক খারাপ। ২০১৬ সালে ট্রাম্প ভেনেজুয়েলার তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যা জো বাইডেনের সময়েও জারি ছিল। ২০২৫ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এই তিক্ততা বৃদ্ধি পায়।

গত ৪ জানুয়ারি মার্কিন সেনাবাহিনী কারকাসে সামরিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউইয়র্ক সিটিতে নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে তারা নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দি আছেন।

কার্ডগুলোর মধ্যে ট্রাম্প আমলের সাফল্যের তালিকায় গ্রিনল্যান্ড বিষয় এবং এল সালভাদরের গ্যাং সদস্য কিলমার অ্যাবার্গো গার্সিয়ার সঙ্গে ডেমোক্র্যাট সেনেটর ক্রিস ভ্যান হোলেনের বিতর্কিত মদ্যপানের বিষয়ও উঠে এসেছে। একটি বার্তায় লেখা হয়েছে, ‘অবৈধ ভিনদেশীদের জন্য ডেমোক্র্যাটদের ভালোবাসার মতো আপনার জন্য আমার ভালোবাসাও দৃঢ়। আমি আপনার সঙ্গে মদ্যপানের জন্য ১ হাজার ৫৩৭ মাইল উড়ে যাব।’

গার্সিয়া একজন সালভাদোরীয় নাগরিক, যাকে ২০২৫ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্র থেকে ভুলবশত এল সালভাদরে নির্বাসিত করা হয়েছিল। এমএস-১৩ গ্যাং সদস্য সন্দেহে আটক হলেও তিনি মূলত বৈধ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাকে ফেরত পাঠানোর ঘটনা যুক্তরাষ্ট্রের বিতর্কিত অভিবাসন নীতির নজির হিসেবে সমালোচিত হয়েছে। পরে তাকে যুক্তরাষ্ট্রে ফেরত আনা হয় এবং অনথিভুক্ত অভিবাসীদের সহায়তা করার অভিযোগ আনা হয়।

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’ পত্রিকা জানিয়েছে, অনলাইনে পোস্ট হওয়া বেশিরভাগ কার্ড প্রেসিডেন্ট ট্রাম্প তার উপপ্রধান কর্মচারী ড্যান স্কাভিনো এবং যোগাযোগ বিষয়ক উপ পরিচালক কায়েলান ডরকে সঙ্গে নিয়ে তৈরি করেছেন।

আরও পড়ুন