নাসিমুল গনির মন্ত্রিপরিষদ সচিব পদে দায়িত্ব গ্রহণ

নাসিমুল গনির মন্ত্রিপরিষদ সচিব পদে দায়িত্ব গ্রহণ

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়া নাসিমুল গনি জানিয়েছেন, তার দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব পড়েছে এবং তিনি এ দায়িত্বের ভার বহনের চেষ্টা করবেন। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। পরে দুপুর সোয়া ১টায় তিনি নতুন পদে যোগ দিতে সচিবালয়ের নতুন এক নম্বর ভবনে আসেন।

প্রতিক্রিয়া জানতে চাইলে নাসিমুল গনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।’

নাসিমুল গনি দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব। বিএনপির নেতৃত্বে সরকার গঠনের একদিন আগে তিনি জনপ্রশাসনের শীর্ষ কর্মকর্তার পদে দায়িত্ব পেলেন। সুষ্ঠু নির্বাচন করার কারণে কি তাকে উপহার হিসেবে এই পদ দেওয়া হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মন্তব্য নেই।’

এই সময়ে দায়িত্ব নেওয়াটাকে চ্যালেঞ্জ মনে করছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের জন্য সব দায়িত্বই চ্যালেঞ্জ।’ নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে নাসিমুল গনি বলেন, ‘আমি এখনো যোগদান করতে পারিনি। সকালে দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। বিকেলে মন্ত্রিসভার শপথ হবে। সেটার ব্যবস্থা করার জন্য এই মুহূর্তে উঠেপড়ে লেগেছি ক্যাবিনেট ডিভিশন।’

নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম আজ প্রকাশ করা হবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নির্ভর করে যিনি নতুন প্রধানমন্ত্রী হবেন তার সিদ্ধান্তের ওপর। আমাদের সেই প্রস্তুতির জন্যই আসছি এখন।’ মন্ত্রিসভা কত সদস্যের হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ সম্বন্ধে কোনো মন্তব্য নেই আমার এই মুহূর্তে। কারণ এটা কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভার সদস্যদের তালিকা পাওয়ার পর তাদের জন্য গাড়ি, দেহরক্ষী, বাসস্থান, সুরক্ষা, অফিস ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ব্যবস্থা করতে হয়। আপনারা প্রস্তুত কি না- জানতে চাইলে নাসিমুল গনি বলেন, ‘সরকার সব সময় প্রস্তুত থাকে। সরকার ফেইল করে না।’

এর আগে গত শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার নাসিমুল গনিকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। তিনি ২০২৪ সালের ১৮ আগস্ট এ পদে যোগ দেন। এরপর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তিনি একই বছরের ২৩ ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। ওই ক্যাডারের ১৪২ জনের মেধাতালিকায় তার অবস্থান ছিল ষষ্ঠ। ২০০৯ সালে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

আরও পড়ুন