স্ত্রী হত্যার পর দুই শিশু কন্যাকে বিক্রি করে স্বামী পলাতক

স্ত্রী হত্যার পর দুই শিশু কন্যাকে বিক্রি করে স্বামী পলাতক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিজুরী এলাকায় এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে পালিয়েছে। গত রবিবার রাতে সালমা আকতার (৩২) নামের বাক প্রতিবন্ধী নারীকে হত্যা করে সকালে স্বামী নুরুল হুদা পলায়ন করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

নিহত সালমা আকতারের সঙ্গে নুরুল হুদার পারিবারিকভাবে বিয়ে হয়েছিল পাঁচ বছর আগে। জানা যায়, নুরুল হুদা ইতিমধ্যে তার দুই শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছে। বড় মেয়ে নুর জাহান দাদীর সঙ্গে থাকে, যাকে বিক্রি করার চেষ্টা করলেও পরিবার ও এলাকাবাসীর বাধায় তা সম্ভব হয়নি।

চন্দনাইশ থানা পুলিশ সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াছ খাঁন জানান, ৯৯৯ এ স্ত্রীকে হত্যা করে লাশ গোপনে দাফনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

অভিযুক্ত স্বামী নুরুল হুদা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন