অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, আপনাদের সম্পর্কে অসম্ভব খারাপ ধারণা নিয়ে এসেছিলাম। আজ আমি গ্র্যাটিচিউড নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি আপনারা দেশের সম্পদ।
কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের যে পরিবর্তন এনে দিয়েছে সেই পরিবর্তনটা আপনাদের আচরণে আসতে হবে। কেউ অন্যায্য কাজ করাতে চাইলে আপনাদের বলতে হবে যে এটা সম্ভব না।
তিনি বলেন, আমি নিশ্চিত যে ১৮ তারিখ নতুন নেতৃত্ব আসার দিনটি বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য হবে একটি উদযাপনের দিন। নতুন মন্ত্রীকে প্রয়োজনীয় নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে আপনারা দয়া করে সহযোগিতা করবেন।
উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর নৈতিকতার প্রশ্নে কখনও আপোস করিনি, কখনও করবোও না। বাংলাদেশের জন্য কাজ করেছি- আমাদের সন্তানদের জন্য কাজ করেছি।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। অতিরিক্ত সচিব রপ্তানি মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব এফটিএ আয়েশা আক্তার, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এবং প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এ এইচ এম আহসান স্মৃতিচারণ করে অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং এর বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানরা অংশগ্রহণ করেন।
