অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল দেশকে সচল করা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার দায়িত্ব ছাড়ার আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ অচল হয়ে পড়েছিল। অভ্যুত্থানের ছাত্রনেতারা দেশ সচল করতে সরকার গঠনের সিদ্ধান্ত নেয় এবং তাকে দায়িত্ব নিতে বলেন। তিনি বিদেশে থাকা অবস্থায় জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে রাজি হন।
তিনি বলেন, দেশ সচল করা সবচেয়ে কঠিন কাজ ছিল। যারা দেশ লুটেপুটে খেত তারা পালিয়ে গিয়েছিল বা আত্মগোপনে চলে গিয়েছিল। সরকারের ভেতরে কাকে বিশ্বাস করা হবে তা নিয়ে মহাসংকট তৈরি হয়েছিল। ১৮ মাস পর ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও জুলাই সনদের গণভোট অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেড় বছর পর গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনের পর নতুন সরকারের শপথের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল শেষ হবে। আগামীকাল মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে।
