বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি শপথবাক্য পাঠ করেন। সূত্রমতে, তিনি স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
একই দিন সকালে তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য হিসেবেও শপথ নেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি জামায়াত ইসলামীর আব্দুল্লাহ আল ফারুখকে ৯৫ হাজার ৮৩০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
সালাহউদ্দিন আহমদ ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। স্বাধীনতার পর তিনিই কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন।
তার জন্ম ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজারের পেকুয়ায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে তিনি সরকারি চাকরিতে যোগ দেন।
১৯৯৬ সালে চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন। ২০১৫ সালে তিনি গুমের শিকার হন এবং ৬২ দিন পর ভারতের শিলংয়ে তার খোঁজ পাওয়া যায়। ২০২৪ সালের ১১ আগস্ট তিনি দেশে ফিরে আসেন।
গত ৯ ফেব্রুয়ারি এক নির্বাচনি সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, তার বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু তিনি দেশের মানুষের সেবা করার জন্য নতুন জীবন পেয়েছেন। কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, এটি জেলাবাসীর জন্য গৌরবের দিন।
