বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবগঠিত সরকারের মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন ময়মনসিংহের নবনির্বাচিত দুই সংসদ সদস্য। তারা হলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মো. ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রী সভায় শপথ গ্রহণ করেন তারা। ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
পারিবারিক সূত্রে এ জেলা থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া দুজনই এমপিপুত্র। ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের প্রয়াত পিতা মো. ঈসমাইল হোসেন তালুকদার ১৯৭৯ সালের নির্বাচনে ময়মনসিংহ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ইয়াসের খান চৌধুরীর পিতা মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।
ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন মন্ত্রী পরিষদে স্থান পাওয়ায় উচ্ছ্বাসিত দলীয় নেতাকর্মী ও অনুসারীরা মিষ্টি বিতরণ করে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, এই খবরে আমরা অত্যন্ত আনন্দিত। অবহেলিত গৌরীপুরবাসীকে মন্ত্রিত্ব উপহার দেওয়ার জন্য আমরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
