ওমান ও মালয়েশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার দেশ দুটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ফলে দেশ দুটিতে আগামী বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে।
মালয়েশিয়ার সরকার এক বিবৃতিতে বৃহস্পতিবার থেকে রমজান মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার দেশটির আকাশে রমজান মাসের অর্ধচন্দ্র দেখা সম্ভব হয়নি।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্যদের মধ্যে প্রথম দেশ হিসেবে ওমান রমজান মাস শুরুর তারিখ ঘোষণা করেছে। দেশটি বলেছে, আগামী বৃহস্পতিবার থেকে ১৪৪৭ হিজরির রমজান মাসের শুরু হবে। ওমানের হিজরি মাস পর্যবেক্ষণ কমিটি নিশ্চিত করেছে, বুধবার শাবান মাসের শেষ দিন।
ওমানের চাঁদ দেখা কমিটি বলেছে, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, শাবান মাসের ২৯ তারিখে ওমানের সব গভর্নরেটে সূর্যাস্তের আগে বা সময় চাঁদ অস্ত যাবে। ফলে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা নেই। এ সিদ্ধান্ত ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় মানদণ্ডের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।
সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় আরব ও ইসলামি বিশ্বের অধিকাংশ দেশে নতুন ইসলামি মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। জ্যোতির্বিজ্ঞানের হিসাব বলছে, অনেক শহরে সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে নতুন অর্ধচন্দ্র দেখার সুযোগ থাকবে না।
আবুধাবিতে সূর্যাস্তের এক মিনিট আগে চাঁদ অস্ত যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। রিয়াদে চাঁদ অস্ত যাবে সূর্যাস্তের ৩৭ সেকেন্ড আগে। দোহা, মানামা এবং কুয়েতেও একই ধরনের পরিস্থিতি থাকবে বলে জানানো হয়েছে।
কায়রো, আম্মান ও বৈরুতে সূর্যাস্তের কয়েক মিনিট পর চাঁদ অস্ত যাবে। তবে সেখানেও হিলাল দেখার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করা হচ্ছে। তালিকাভুক্ত স্থানগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের হনোলুলুতেই কেবল প্রযুক্তিগতভাবে চাঁদ দেখার সম্ভাবনা থাকতে পারে। তবে সেটিও দেখা যাবে দূরবিন ব্যবহার করে ও কঠিন পরিস্থিতিতে। জ্যোতির্বিদরা বলেছেন, সূর্যাস্তের সময় সূর্যের তুলনায় চাঁদের উচ্চতা ও অবস্থানের ওপর নতুন চাঁদ দৃশ্যমান হওয়া নির্ভর করে।
