চাঁপাইনবাবগঞ্জে নতুন সরকারের শপথ গ্রহণের দিনে জেলা শহরের পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ওয়াল্টন মোড়ে অবস্থিত দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কে বা কারা এসে পতাকা টানিয়ে পালিয়ে যায়, পরে আশপাশের লোকজন বিষয়টি লক্ষ্য করেন। নিষিদ্ধ ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান ফেসবুকে পোস্ট করে দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন।
এক ভিডিওতে দুজনকে পতাকা উত্তোলন করতে দেখা গেলেও তাদের নাম ও পদবি জানা যায়নি। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, নিষিদ্ধ ঘোষিত দল তাদের কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে, এটা প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
জেলা জামায়াতের আমির আবু জার গিফারী বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এই বিষয়ে প্রশাসনকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. নুরে আলম জানান, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
