জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকারি দল সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে। তিনি বলেন, এতে জনআকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান স্পষ্ট হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ সচিবালয়ে দুটি শপথ গ্রহণ ও দলীয় সংসদীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান জানান, সংসদ সচিবালয় থেকে প্রেরিত দাওয়াতনামায় সংসদ সদস্য হিসেবে এবং জুলাই চার্টার ও গণভোটের প্রজ্ঞাপনের ভিত্তিতে সংস্কার পরিষদ সদস্য হিসেবে দুটি শপথের কথা উল্লেখ ছিল।
তিনি বলেন, সকালে সরকারি দল শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে, কিন্তু সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেয়নি। অথচ জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা ভিন্ন চিন্তা সত্ত্বেও ঐকমত্যের ভিত্তিতে দুটি শপথই নিয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়ের প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসেবে তাদের পবিত্র দায়িত্ব মনে করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উল্লেখ করেন, ২৬ সালের নির্বাচন ২৪-এর গণঅভ্যুত্থানের কারণে হয়েছে এবং যারা এতে জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জামায়াত আমির বলেন, সরকারি দল যদি জুলাইকে সম্মান করেন, সংস্কারকে ধারণ করেন এবং গণভোটের প্রতি শ্রদ্ধাশীল হন, তবে তাদেরও সংস্কার পরিষদে শপথ নেওয়া উচিত। তিনি বলেন, জুলাইকে অসম্মান করে এই সংসদ কোনো গৌরবের আসনে বসতে পারবে না।
তিনি আরও বলেন, সরকারি দল বিকেলের মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের দাওয়াত করেছিল এবং তারা মানসিক প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু জুলাই শহীদ ও যোদ্ধাদের অশ্রদ্ধা করতে না পেরে তারা সেই অনুষ্ঠানে অংশ নিতে পারেননি, যা তাদের জন্য আফসোসের বিষয় হয়ে রয়ে গেছে।
