প্রতিমন্ত্রী হলেন ব্যারিস্টার পুতুল, এলাকায় মিষ্টি বিতরণ

প্রতিমন্ত্রী হলেন ব্যারিস্টার পুতুল, এলাকায় মিষ্টি বিতরণ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত এমপি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এরপর বিকেলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন।

খবরটি নির্বাচনী এলাকায় পৌঁছানো মাত্রই নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, বিভিন্ন মোড়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন।

এছাড়া মসজিদের পাশাপাশি বিভিন্ন দলীয় কার্যালয়ে নতুন প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় খুশিতে পাড়ায় পাড়ায় চলছে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি নাটোরের অবিসংবাদিত নেতা এবং বিএনপির সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের জ্যেষ্ঠ কন্যা।

ফজলুর রহমান পটল এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে আসনটি হাতছাড়া হয় এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ ১৮ বছর (দেড় যুগ) এই আসনে বিএনপির কোনো জনপ্রতিনিধি ছিলেন না। বাবার মৃত্যুর পর তার সেই রাজনৈতিক দুর্গে আবারও ধানের শীষের বিজয় নিশান ওড়ালেন মেয়ে ব্যারিস্টার পুতুল।

আরও পড়ুন