রোহিত-ঋতুপর্ণার নতুন ছবি ‘জয়িতা’র শুটিং চলছে কলকাতায়

রোহিত-ঋতুপর্ণার নতুন ছবি ‘জয়িতা’র শুটিং চলছে কলকাতায়

ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বলিউডের অভিনেতা রোহিত রায় দীর্ঘ বিরতির পর আবারও জুটি বাঁধছেন ‘জয়িতা’ সিনেমায়। মানবিক মূল্যবোধ ও সম্পর্কের গভীর টানাপোড়েন নিয়ে নির্মিত এই ছবির শুটিং বর্তমানে কলকাতায় পুরোদমে চলছে।

নামভূমিকায় অর্থাৎ ‘জয়িতা’ হিসেবে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে, অন্যদিকে তার বিপরীতে ‘শুভেন্দু’ চরিত্রে অভিনয় করছেন রোহিত রায়। ছবির গল্প আবর্তিত হয়েছে শুভেন্দুর একাকীত্বকে কেন্দ্র করে, যেখানে জীবনের নানা সমস্যায় জর্জরিত ও নিঃসঙ্গ শুভেন্দুর দেখাশোনার দায়িত্ব পান জয়িতা।

সেবা করতে গিয়েই জয়িতা বুঝতে পারেন, শুভেন্দুর আসল সমস্যা কোনো শারীরিক ব্যাধি নয়, বরং চরম একাকীত্ব। এই একাকীত্ব দূর করে শুভেন্দুর জীবনে জয়িতা কীভাবে পরিবর্তন আনেন, তা নিয়েই এগিয়ে যাবে সিনেমার কাহিনী।

সহকর্মী রোহিত রায় প্রসঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘রোহিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। এর আগেও আমরা তিনটি ছবিতে কাজ করেছি। ও যেমন ভালো অভিনেতা, মানুষ হিসেবেও চমৎকার। এই ছবির শুভেন্দু চরিত্রটি ওর জন্য একদম মানানসই।’

কলকাতায় শুটিং করতে পেরে উচ্ছ্বসিত রোহিত রায়ও জানান, তিলোত্তমার প্রতি তার আলাদা এক টান রয়েছে। এখানে কাজ করার অনুভূতি বরাবরই বিশেষ, তাই সুযোগ পেলেই কলকাতায় শুটিং করতে মুখিয়ে থাকেন তিনি।

‘জয়িতা’ ছবিটি পরিচালনা করছেন জিৎ দত্ত, যিনি এর আগে ‘পটাদার কীর্তি’ ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন। উল্লেখ্য, সেই ছবিটির প্রযোজনা করেছিল ঋতুপর্ণার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’, তবে এবার জিতের পরিচালনায় এই ছবির উপস্থাপক হিসেবে থাকছেন স্বয়ং ঋতুপর্ণা।

আরও পড়ুন