নতুন মন্ত্রীদের বরণ করে নিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর নাগাদ মন্ত্রিসভার সদস্যরা প্রথমবারের মতো নিজ নিজ দফতরে আসবেন।
বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীদের কক্ষের অভ্যন্তরীণ সাজসজ্জা বদলে ফেলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে বাড়তি ব্যস্ততা। নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর প্রস্তুতি যেন চোখে পড়ার মতো।
যেসব মন্ত্রণালয়ে নতুন মুখ আসছেন, সেখানে প্রস্তুতি একটু বেশি। কয়েকটি মন্ত্রীর দফতরের বারান্দায় এখনও ঘষামাজার কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, তথ্য ও সম্প্রচার, আইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সামনে আনা হয়েছে নতুন ফুলের টব।
