ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
বুধবার ডিবিএর পক্ষ থেকে পাঠানো বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম তাকে এই অভিনন্দন জানান। তিনি নবগঠিত সরকারের মন্ত্রিপরিষদের সব সদস্যকেও শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট বলেন, দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণে তারেক রহমান ও তার দলের প্রতি আস্থা রেখেছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে সেই আস্থার প্রতিফলন ঘটেছে।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরে প্রয়োজনীয় সংস্কার সাধন হবে এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
ডিবিএ মনে করে, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে একটি শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক খাত এবং আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলা জরুরি। আর্থিক খাত ও পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, পুঁজিবাজারকে শক্তিশালী করা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, আধুনিক বাজার কাঠামো গড়ে তোলা এবং স্থিতিশীল নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণের ওপর ডিবিএ গুরুত্বারোপ করে।
ডিবিএ আশা প্রকাশ করে যে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার সরকার জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে গতিশীল করবেন।
পুঁজিবাজারকে শক্তিশালী, স্বচ্ছ ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ডিবিএ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।
ডিবিএর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার জন্য শুভকামনা জানানো হয় এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।
