জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড জয়-পলক: চিফ প্রসিকিউটরের অভিযোগ

জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড জয়-পলক: চিফ প্রসিকিউটরের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক। বুধবার দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলনকারী ছাত্রজনতার ওপর গণহত্যা চালানো হয়েছিল, যার মাস্টারমাইন্ডদের মধ্যে অন্যতম হলেন জয় ও পলক। কারণ তারা দুজনই আইসিটির দায়িত্বে ছিলেন এবং আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংঘটনে সহযোগিতা করেন।

তাজুল ইসলাম বলেন, গণহত্যায় সহায়তার ব্যাপারে তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে শলাপরামর্শ করেছেন পলক। তারা নানা ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছেন এবং এ মামলায় সেসব প্রমাণাদি তুলে আনা হয়েছে।

তিনি বলেন, ইন্টারনেট বন্ধের মাধ্যমে বিশ্ববাসীর কাছ থেকে গণহত্যার খবর আড়ালের চেষ্টা করেছিলেন আসামিরা। এ ছাড়া তারা হত্যাকাণ্ডের পরিকল্পনায় সরাসরি অংশ নিয়েছেন। সাক্ষ্যপ্রমাণের মধ্য দিয়ে এসব তুলে এনে প্রসিকিউশনের পক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন