প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার দুপুরে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী জনগণের কাছ থেকে সুশাসন ও জবাবদিহিতা চাওয়ার বিষয়ে মন্ত্রীদের সচেতন করেছেন।
নুর বলেন, আগামী রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের সময় উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের দৃশ্যমান কাজ দ্রুত সম্পন্ন করতেও তিনি আলোচনা করেছেন।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদের বিষয়ে সরকারের উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।
নুর বলেন, মধ্যপ্রাচ্য ভিত্তিক শ্রমবাজার পুনরায় চালু করতে প্রধানমন্ত্রীর সফরের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। এছাড়া সরকার ১৮০ দিনের একটি পরিকল্পনা নেবে বলেও জানান প্রতিমন্ত্রী।
