জানুয়ারিতে ডিএমপির সেরা বিভাগ মতিঝিল, সেরা থানা হাজারীবাগ

জানুয়ারিতে ডিএমপির সেরা বিভাগ মতিঝিল, সেরা থানা হাজারীবাগ

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে গত জানুয়ারি মাসের সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জানুয়ারি-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনায় অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মতিঝিল বিভাগ এবং সেরা থানার মর্যাদা পেয়েছে হাজারীবাগ থানা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কর্মকর্তাদের হাতে এই পুরস্কার তুলে দেন। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ আল আমিন সরকার শ্রেষ্ঠ এসি নির্বাচিত হয়েছেন।

শ্রেষ্ঠ এসআই হিসেবে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন পল্টন থানার মোহাম্মদ সাইফুর রহমান ও ভাটারা থানার মো. হাফিজুর রহমান। এছাড়া এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন খিলগাঁও থানার দেবাশীষ চক্রবর্তী এবং মোহাম্মদপুর থানার মো. রকিবুল হাসান।

গোয়েন্দা কার্যক্রমের বিচারে জানুয়ারি মাসে ডিবি-ওয়ারী বিভাগ শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করেছে। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

অন্যদিকে, ট্রাফিক ব্যবস্থাপনায় শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন দারুস সালাম ট্রাফিক জোনের হারুন অর রশিদ ও ওয়ারী ট্রাফিক জোনের এস এম হাসান মাহমুদ।

ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণ (অ্যাডমিন, ক্রাইম অ্যান্ড অপারেশনস, ডিবি, সিটিটিসি, লজিস্টিকস, প্রটেকশন ও আইসিটি) সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের এই তালিকা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

আরও পড়ুন