ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপজয়ী মেসুত ওজিলের সফর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপজয়ী মেসুত ওজিলের সফর

জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুত ওজিল আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সফরে আসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার উদ্বোধনে অংশ নেন এবং প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। অনুষ্ঠানে তিনি কোনো বক্তব্য দেননি এবং মিডিয়ার সঙ্গে কথা বলেননি।

ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের ফেসবুক পোস্টের মাধ্যমে শিক্ষার্থীরা তার আগমন সম্পর্কে জানতে পারেন। অনুষ্ঠান শুরুর ১৫ মিনিট আগে খবর পাওয়ার পরও কয়েকজন শিক্ষার্থী ক্লাস ফেলে সেখানে উপস্থিত হন এবং ওজিলের কাছাকাছি ছবি তোলেন। ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ও ভিপি সাদিক কায়েম তার সঙ্গে খানিকটা কথা বলার সুযোগ পান।

ওজিলের ক্যাম্পাস ত্যাগের পর ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘আজ ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উদ্বোধন ছিল, যা দীর্ঘদিন অকার্যকর ছিল। প্রায় ৩ কোটি টাকার এই কাজ তুর্কি দাতব্য প্রতিষ্ঠান ‘টিকা’ স্পন্সর করেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ানের সাথেই ওজিল এসেছেন।’

কায়েম আরও বলেন, ‘ওজিল বাংলাদেশ সম্পর্কে আগে থেকেই ধারণা রাখেন। তিনি জুলাই রেভোলিউশন ও আবু সাঈদ সম্পর্কে জিজ্ঞেস করেছেন। তার বাংলাদেশে ব্যাপক ফ্যানবেজ আছে এবং আমরা তার খেলা পছন্দ করি। ফুটবল নিয়ে কোলাবোরেশনের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।’

ডাকসুর পক্ষ থেকে ওজিলকে স্যুভেনিয়ার ও গ্রাম বাংলার চিত্র উপহার দেওয়া হয়েছে। আগামীকাল তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করবেন এবং এরপর বাংলাদেশ ত্যাগ করতে পারেন বলে জানা গেছে।

আরও পড়ুন