প্রতিমন্ত্রী হিসেবে জনপ্রশাসনে ফিরলেন আব্দুল বারী

প্রতিমন্ত্রী হিসেবে জনপ্রশাসনে ফিরলেন আব্দুল বারী

জয়পুরহাট-২ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি এক সময় যে মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেছেন, এখন সেখানেই অভিভাবক হিসেবে ফিরেছেন।

এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে আব্দুল বারী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬৫ হাজার ৫৪৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। এলাকায় তিনি ‘ডিসি বারী’ নামে পরিচিত।

আব্দুল বারী ১৯৮২ (বিশেষ) বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সহকারী কমিশনার, ইউএনও, অতিরিক্ত জেলা প্রশাসক, সিনিয়র সহকারী সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক, জেলা প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার পদে দায়িত্ব পালন করেছেন।

২০০৬ সালের নভেম্বর থেকে ২০০৭ সালের ৩০ মার্চ তিনি ন্যাশনাল নিউট্রিশন প্রোগ্রামের নির্বাহী পরিচালক ছিলেন। এরপর তাকে ওএসডি করা হয় এবং ২০১৫ সালে পূর্ণ অবসরে আসেন। অবসরে আসার পর প্রায় ৫ বছর ৮ মাস তিনি পেনশন পাননি।

ছাত্রজীবনে ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হল সংসদ নির্বাচনে আব্দুল বারী সহ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৯৮০ সালে গ্রাম সরকার প্রধান হিসেবে নির্বাচিত হন।

চাকরিজীবনে আব্দুল বারী বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে তার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল, যা পরবর্তীতে প্রত্যাহার করা হয় এবং তাকে ভূতাপেক্ষভাবে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আব্দুল বারীর এই প্রত্যাবর্তনকে জয়পুরহাটের সাধারণ মানুষ এলাকার উন্নয়নের নতুন দিগন্ত হিসেবে দেখছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি একটি দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলবেন- এমনটাই প্রত্যাশা এলাকার মানুষের।

আরও পড়ুন