কুড়িগ্রাম সীমান্তে রোবট সদৃশ বস্তু দেখে চাঞ্চল্য

কুড়িগ্রাম সীমান্তে রোবট সদৃশ বস্তু দেখে চাঞ্চল্য

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলনী বাজারে একটি রোবট কুকুর সদৃশ বস্তু দেখা গেছে। স্থানীয় ‘আলাউদ্দিন হার্ডওয়্যার’ দোকানের সিসিটিভি ফুটেজে সোমবার রাত ৩টা ৩৫ মিনিটে এটি ধরা পড়ে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দোকানের মালিক রোকনুজ্জামান ও তার ভাই নাজমুল হোসেন চুরির ঘটনা পর্যালোচনা করতে গিয়ে বিষয়টি লক্ষ্য করেন। ভিডিওতে মাথায় উজ্জ্বল আলো জ্বালিয়ে চার পায়ে দ্রুত লাফিয়ে একটি রোবট সদৃশ বস্তু ক্যামেরার সামনে দিয়ে যেতে দেখা যায়। চলাচলের সময় যান্ত্রিক ধরনের শব্দও শোনা যায়।

মুদির দোকানদার নূর মোহাম্মদ মিয়া বলেন, সেই রাতে দোকানের টিনের ফাঁক দিয়ে তিনি চার পা বিশিষ্ট, মাথায় লাইট লাগানো বস্তুটিকে লাফিয়ে যেতে দেখেন। তিনি ভয় পেয়ে যান। কয়েক মিনিট পর একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ওইদিকে যায় এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসে।

নাজমুল হোসেন বলেন, ওই রাতে বাজারের এক বাড়িতে গরু চুরির ঘটনা ঘটে। এ কারণে তিনি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছিলেন। এ সময় রোবট সদৃশ বস্তুর পাশাপাশি একটি দ্রুতগামী মোটরসাইকেলের গতিবিধিও তাদের নজরে আসে।

বুধবার সকালে সোনাহাট বিওপির বিজিবি সদস্যরা এবং কচাকাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কচাকাটা থানা পুলিশের এসআই কার্তিক চন্দ্র জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। বিজিবি সদস্যরাও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন