রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরদার নজরদারির আহ্বান জামায়াতের

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরদার নজরদারির আহ্বান জামায়াতের

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে কার্যকর বাজার মনিটরিং জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। তাই বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বুধবার চট্টগ্রাম মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। বাজারে অস্থিতিশীলতা, অসাধু মজুতদারি ও সিন্ডিকেটের প্রভাবে জনমনে উদ্বেগ বিরাজ করছে।

দ্রব্যমূল্য সহনীয় রাখতে কার্যকর বাজার মনিটরিং জোরদার, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, রমজানের মূল শিক্ষা হলো তাকওয়া, ধৈর্য, ত্যাগ ও মানবিকতা। বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করা।

বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক ও ডা. সিদ্দিকুর রহমান।

আরও পড়ুন